

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোবাইল অ্যাপে পরিচয়, সেখান থেকেই শুরু প্রেম। সেই ভালোবাসার টানেই সুদূর চীন থেকে পিরোজপুরের প্রত্যন্ত গ্রামে ছুটে এলেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করেই তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছে। ঘটনাটি নিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এ পরিচয় হয় চীনা নাগরিক লিয়নের। পরে তাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায়। একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক।
তুবা জানান, প্রথমে তিনি বিশ্বাসই করেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে আসবেন।
তিনি বলেন, “সে আমার কাছে ঠিকানা চেয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আসবে না। তাই ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সে সত্যিই চলে এসেছে।”
জানা যায়, চলতি মাসের ৮ মে লিয়ন ঢাকায় আসেন। পরে বৃহস্পতিবার (১৪ মে) নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে এক নজর দেখতে আশপাশের মানুষজন ভিড় করেন।
তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, “তিন-চার দিন ধরে ফোনে কথা হচ্ছিল। এরপর সে সরাসরি বাড়িতে চলে এসেছে। এখন খাওয়াদাওয়া করিয়ে তাকে বিদায় দেওয়া হচ্ছে। সে আবার ঢাকায় ফিরে যাবে, সেখান থেকে চীনে চলে যাবে।” ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, “শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।”
আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, “মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে—এটা শুনে আমরাও দেখতে এসেছি।”
ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের জানান, “আমি আমার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছি। তার বয়স কম হওয়ায় এখন ফিরে যাচ্ছি। আমি তার জন্য অপেক্ষা করব। দুই বছর পরে আবার বাংলাদেশে আসব।”
তিনি আরও বলেন, “যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে নিয়ে সংসার করব।”