

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক পলিটেকনিক শিক্ষার্থীকে আটক করেছে জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে বারঘোরিয়া বাজার এলাকায় এক বৃদ্ধকে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখায় অভিযুক্ত যুবক। এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে আশপাশের লোকজন তাকে ঘিরে ফেলেন।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র না পাওয়ায় জনতা নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা করছেন।
এর আগেও গত বুধবার (১৩ মে) রাতে শ্রী সিবাস নামের এক ব্যক্তির কাছ থেকে ডিবি পরিচয়ে দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।
আটক যুবক গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে আল সিহাব (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।