রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি বিএনসিসিতে পদোন্নতি পেলেন ৭ ক্যাডেট

কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:৩৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর ময়নামতি রেজিমেন্টের ৯ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনে বিভিন্ন পদে সাতজন ক্যাডেটকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক ফুহাদুল ইসলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার।

পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছে লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর ছিদ্দিক এবং মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল শাহানাজ আক্তার।

এছাড়াও ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল মিথিলা রহমান সুখী, হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ সাখাওয়াত হোসেন রিফাত এবং একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল উত্তম কুমার রায়।

অধিকন্তু, ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট মোঃ মোস্তাফিজুর রহমান মুন্না এবং বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট মোঃ জাহিদুল ইসলাম।

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসিও অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই ৭ জন ক্যাডেটকে পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করা যায়, তারা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে প্লাটুনকে আরও এগিয়ে নিয়ে যাবে। পদোন্নতি বিএনসিসির নিয়মিত কার্যক্রমের অংশ। কোনো পদ শূন্য হলে নিয়ম অনুযায়ী যোগ্য ও সিনিয়র ক্যাডেটদের পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে রেজিমেন্ট থেকে পদোন্নতি প্রদান করা হয়। আমরা শুধুমাত্র মনোনয়ন প্রদান করি, চূড়ান্ত নির্বাচন ও অনুমোদন দেয় রেজিমেন্ট।”

জানা যায়, গত ১১ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট, ক্যাডেট কর্পোরাল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পরীক্ষার ১ম ধাপে লিখিত পরীক্ষা এবং ২য় ধাপে ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল ময়নামতি রেজিমেন্টে প্রেরণের পর যাচাই-বাছাই করে গত ০৬ই মে ২০২৬ইং ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পদোন্নতিপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ক্যাডেট সার্জেন্ট মহিমা আক্তার ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি পাওয়ায় মহিলা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদটি শূন্য হয়। পাশাপাশি ক্যাডেট সার্জেন্ট শাহিন মিয়ার ক্যাডেটশিপের মেয়াদ পূর্ণ হওয়ায় পুরুষ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট পদটিও শূন্য হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন