বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা নিশ্চিতে ১২ নির্দেশনা

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশনার আলোকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১২ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে হবে। সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্টদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে হবে। তবে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষকদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এছাড়াও ডিজিটাল হাজিরার আওতাভুক্ত অফিসগুলোতে আগমন ও প্রস্থানের সময় রেকর্ড বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদের ক্ষেত্রে হাজিরা খাতায় প্রতিদিন আগমন ও প্রস্থানের সময় উল্লেখ করে স্বাক্ষর দিতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক যন্ত্র চালু না রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, করিডোর ও সিঁড়িতে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করা এবং সরকারি অনুমতি ছাড়া আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে।

এ ছাড়া জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিস কক্ষ, করিডোর ও টয়লেট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদেরও ক্লাসরুম, ল্যাব ও আবাসিক হলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন