সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক বদলি শুরুর প্রথম চিঠি পেলেন আলোচিত খাইরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম
খাইরুল ইসলাম
expand
খাইরুল ইসলাম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নীতিমালার আওতায় জারি হওয়া প্রথম বদলির চিঠি পেয়েছেন কুমিল্লার একটি আলিম মাদরাসার আলোচিত শিক্ষক খাইরুল ইসলাম।

কয়েক মাস আগে সহকর্মীর মারধরের শিকার হয়ে আলোচনায় আসা এই শিক্ষককে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার একটি মাদরাসায় বদলি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

বিভাগের উপসচিব মো. রাহাত মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসায় কর্মরত শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬-এর বিধি ৩ দশমিক ১৯ অনুযায়ী এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

মূলত, চলতি বছরের এপ্রিলে কর্মস্থলে কথা–কাটাকাটির একপর্যায়ে একই মাদরাসার শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে খাইরুল ইসলামকে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের সামনেই তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করার ঘটনাও ঘটে।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেই মাদরাসা থেকেই বদলির সুযোগ পেলেন খাইরুল ইসলাম।

বদলির আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাইরুল ইসলাম বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আমাকে চাঁদপুরে শিক্ষকতার কথা বলেছিলেন। অবশেষে আমাকে চাঁদপুরেই বদলি করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন