সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী আয়ে চাঙা দেশের রিজার্ভ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) ২০২৬ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে গণনা করা ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই মাসে এ অঙ্ক ছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনে (৩০ ও ৩১ জুলাই) উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যা মাসের মোট রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টদের আশা, প্রবাসী আয় ইতিবাচক ধারায় অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের বৈদেশিক লেনদেন, আমদানি ব্যয় পরিশোধ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও এটি সহায়ক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন