

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ সুবিধা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয় ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দক্ষতাভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত পরিকল্পনায় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। এতে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে গুরুত্ব দিয়ে চাপমুক্ত ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।
ভাষা শিক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব দেশের উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাবও রয়েছে, যার লক্ষ্য আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি তৈরি করা।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
