

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক ভোগ্যপণ্যের ওপর বিদ্যমান উৎসে করের হার কমানো হচ্ছে। এর আওতায় ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলেও তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
