

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশে বসে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচণার মামলা মিটমাট করতে শ্বশুরবাড়ির লোকজনদের কাছে সমঝোতার প্রস্তাব দিয়ে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। জানা গেছে, প্রথমে আলভী তার এক ব্যবসায়িক বন্ধুর মাধ্যমে ও দ্বিতীয়বার ইকরার এক বান্ধবীর মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। দুইবারই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইকরার পরিবার।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। তার মৃত্যুকে ঘিরে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসে। মৃত্যুর পর সামাজিকমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়। এর পর থেকেই বিষয়টি ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
পরে গত ১ মার্চ মেয়ের আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে অভিনয়শিল্পী জাহের আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।
স্ত্রীর মৃত্যুর সময় শুটিংয়ের কাজে নেপালে থাকার কথা জানিয়েছিলেন জাহের আলভী। স্ত্রীর আত্মহত্যার খবরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন পোস্টও দিয়েছিলেন তিনি। তবে স্ত্রীর জানাজায় অংশ নিতেও আসেননি দেশে। এখনও দেশের বাইরেই অবস্থান করছেন এই অভিনয়শিল্পী।
পুলিশের বরাতে জানা গেছে, মামলার আসামী হওয়ায় আলভীর বিষয়ে তথ্য দেয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগের কাছে, দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হবে।
এদিকে ইকরার মেডিক্যাল রিপোর্ট এবং তদন্তের স্বার্থে জব্দ করা বিভিন্ন ডিভাইসের ফরেনসিক রিপোর্ট এখনও তদন্তকারী কর্মকর্তার হাতে এসে পৌঁছায়নি। যে কারণে ধারণা করা হচ্ছে, আদালতের নির্ধারণ করা ১৭ মের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেয়ার তারিখ আরও পেছাতে পারে।
ইকরার বড় মামা তানভীর আহমেদ জানান, আলভী নিজেই লোক দিয়ে দুই দফায় আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি এটা তো আলোচনার বিষয় না। আমার তো সম্পদ নষ্ট হয় নাই, আমার সন্তান চলে গেছে। সে (আলভী) যদি বিচারে নির্দোষ প্রমাণিত হয় তাহলে মুক্তি আর দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবে।
তিনি আরও বলেন, আলভী দেশে এসে আইনের মোকাবেলা করুক। আমরা তো আর তাকে মারতে যাবো না। সামাজিক যোগাযোগমাধ্যমে নানান মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান ইকরার মামা।
জাহের আলভীর সঙ্গে যোগাযোগ করা হলে এনপিবি প্রতিবেদককে জানান, তিনি দেশের বাইরে আছেন।
আপাতত এসব বিষয়ে কোনো কথা বলতে চান না জানিয়ে আলভী বলেন, দেশে ফিরে সব প্রশ্নের উত্তর দিবো।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ এনপিবি নিউজকে বলেন, তদন্তে প্রয়োজনীয় ডিভাইসের ফরেনসিক রিপোর্ট ও ইকরার মেডিক্যাল রিপোর্ট পাননি তিনি।
পুলিশ কর্মকর্তা আজিম বলেন, এখনও আমি কোনো ফরেনসিক রিপোর্ট হাতে পাইনি, তাহলে মামলার প্রতিবেদন জমা দিবো কিভাবে? ১৭ মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশের কথা সংবাদে দেখেছি। এখনও হাতে কোনো কাগজ (নির্দেশ) পাইনি।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, তদন্তের দুটি বিষয় বিদ্যমান। একটি হচ্ছে ফরেনসিক-মেডিক্যাল রিপোর্ট, আরেকটি হচ্ছে আসামি গ্রেফতার। উভয় বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন
