

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত। তবে কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে হয়ে কাজ করেছে এবং বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।
তারপরও দেশের কল্যাণে জামায়াত ভোটের ফলাফল মেনে নিয়েছিল, এমন মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, তবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ বিষয়গুলো সামনে আসছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। জনগণকে সঠিক তথ্য দিতে দুই উপদেষ্টাসহ 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে জামায়াত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। দুঃখ ও রহস্যের জন্ম দিয়েছে তখন- যখন ভোটগণনা, ফলাফলের প্রক্রিয়া পুরোটাই ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভরা। দক্ষ ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করেছে। ১১টা পর্যন্ত জামায়াতের বিপুল বিজয়ের সম্ভাবনা ছিল, সেখানে রাত দশটার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এরপরই অল্প অল্প ভোটে জামাতের পরাজয়ের খবর আসে। তিনি আরও বলেন, জামায়াতে আমির ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নে বলেছেন, অতীতে দেখা যায় যারা কারচুপি করে, তারা বলে আমি কলা খাইনি, ঠিক তেমনি তাদের মুখ থেকেই বেরিয়ে যাবে। রাজসাক্ষী পেয়ে গেছি আমরা। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসনকে বলছি, আপনি ব্যাখা দেয়ার চেষ্টা করেছেন মিডিয়ায়। বলেছেন- উগ্রবাদী এবং তাদের মেইনস্ট্রিমে আসতে দেই নাই। বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই। সংসদে কোনো উগ্রবাদী নেই। ইসলাম কোনো চরমপন্থাকে প্রশ্রয় দেয় না। আপনারা নারীবাদী হয়ে যা বলেন তার চেয়ে হাজারগুণ মর্যাদা নারীকে দেয়া হয়েছে।
তিনি বলেন, আনন্দবাজারের সঙ্গে আবার বললেন- মবের স্বীকার হলে জামায়াত-শিবিরকেই দায়ী থাকতে হবে, এগুলো উসকানি। জামায়াত ইসলামী মবের রাজনীতি করে না। আপনার কথাই তো প্রমাণ আপনারা আমাদের মেজরিটি পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন তাদের নাম প্রকাশ করুন। গোলাম পরওয়ার বলেন, লন্ডন কন্সপেরেসির হোতা ড. খলিলুর রহমান। নির্দলীয় সরকারের প্রথা থাকে যে ইমিডিয়েট সরকারে তারা যোগদান করে না, কেউ করেনি। বিএনপিই আপনার বিরুদ্ধে কথা বলেছে। শুধু ইচ্ছা করেই এই সরকারে যোগ দেন নাই। ডিপ স্টেটে যারা রয়েছেন তারাই আপনাকে পিক করেছে। আপনার সার্ভিসে তারা এত খুশি যে আগের সব দোষ ভুলে গেছে। আপনাদের সহযোগীদের নাম প্রকাশ করুন। তিনি আরও বলেন, ‘ওই সময় আপনি এমন কিছু করেছেন যার জন্য মন্ত্রিত্বের পুরস্কার পেয়েছেন। উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয়নাই। গুড় খাইলে গুণ গাইতে হয়।’ বাম সেজে দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক অঙ্গনে যারা চক্রান্ত করেন তারাই মেইনস্ট্রিম কী জবাব দেবেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ১৭০টিরও বেশি আসন আমরা পাব। কিন্তু পরিকল্পনা করে ১০০ এর নিচে নামানো হলো। ফলাফলপত্রে টেম্পারিং করা হয়েছে, কাটাছেড়া করা হয়েছে। অনেক এজেন্টের কাছ থেকে ফল গণনার আগেই ফলাফলপত্রে সই নেয়া হয়েছে।’
সংঘাত সহিংসতা রাজনৈতিক অস্থিতিশীলতা চান না জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সাবেক উপদেষ্টার কথা প্রমাণ করে তিনি একটা মন্দ কাজে জড়িত ছিলেন। আমাদের সব কর্মসূচি প্রকাশ্যে হয়, সমাজের অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক অপকর্ম করে তা ইসলামপন্থিদের ওপর চাপানোর চেষ্টা করেন। আমরা তার প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন