মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ঈদের ছুটি শেষে ব্যাংকে ফিরছে চেনা ব্যস্ততা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সদ্য শেষ হলো মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর। টানা একটি মাস রমজান মাসের পবিত্র রোজা পালনের পরে মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে ঈদ। এ উপলক্ষ্যে টানা ৭ দিনের ছুটি কাটায় দেশবাসী।

ঈদের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ব্যাংকগুলো ফিরছে চিরচেনা ব্যস্ততায়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ব্যাংকগুলোতে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটির পর শুরু হয়েছে স্বাভাবিক লেনদেন।

রমজানের বিশেষ ব্যবস্থার পরে ফিরে গিয়েছে আগের সময়সীমায়। আজ থেকে লেনদেন চলবে বিকাল চারটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ব্যাংকগুলোতে দেখা যায়, দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের আমেজ।

ঈদের শুভেচ্ছা বিনিময় ও গল্পগুজবে আনন্দঘন পরিবেশ তৈরি করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহকদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন ব্যাংক কর্তৃপক্ষ।

তবে আজ গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেকেই ছুটির পর প্রথম দিন নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন।

জানতে চাইলে ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির সময় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ নিশ্চিত করা হয়েছিল।

ফলে গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পেরেছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সোনালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, 'দীর্ঘ ছুটির পর ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

প্রথম দিন গ্রাহক উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে। আমরা গ্রাহকদের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি।'

অন্যদিকে, গ্রাহকদের অনেকে জানান, ছুটির পর প্রথম দিন হওয়ায় ভিড় কম ছিল, ফলে দ্রুত কাজ সম্পন্ন করা গেছে। তবে পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।

উল্লেখ্য, দুই দিন ব্যাংক কার্যক্রম চলার পর আবারও স্বাধীনতা দিবসসহ টানা তিন দিনের ছুটিতে পড়বে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন