রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ এএম
মো. আসাদুল ইসলাম (৩৩) বাংলাদেশি। ছবি: এনপিবি
expand

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে।

আটক দুজন হলেন—বৈরচুনার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম এবং একই ইউনিয়নের ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩/ এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি একটি দলের ওপর ৬৩/ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আরও দুজনকে আটক করে বিএসএফ সদস্যরা।

পরে গুলিবিদ্ধ ওই যুবককে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএসএফের গুলিতে নিহত আসাদুল ইসলাম আমার এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমি নিহতের বাড়িতে এসেছি। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানানো হবে।”

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সিইও আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। নিহতের পরিবার কিংবা চান্দেরহাট বিজিবি ক্যাম্পের পক্ষ থেকেও থানায় কোনো তথ্য দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank