শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত একাধিক

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও থানায় করা অভিযোগ থেকে জানা যায়, চর ভবনাথপুরে ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে মোস্তাক আহমেদ ও বকুল মিয়ার পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন মোস্তাক। তার দাবি, ওই জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে।

মোস্তাক আহমেদ জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে বিরোধপূর্ণ জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি নিজে, তার ভাই গোফরান উদ্দিন, ভাবি পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, হামলার সময় হামলাকারীরা তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের বকুল মিয়া দাবি করেন, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

বকুল মিয়া জানান, এ ঘটনায় তাদের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। উভয় পক্ষকে বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank