

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ হওয়ার তিন দিন পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদ হোসেনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত আমজাদ ভোলা পৌরসভার ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি বান্দরবানের রুমা উপজেলায় বিজিবি সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে আমজাদ তার চার বন্ধু- রাকিব, ফাহিম, সাগর ও শাওনের সাথে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একাংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে পাঁচ বন্ধু-ই খরস্রোতা মেঘনায় তলিয়ে যান। ফাহিম, সাগর ও শাওন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন।
ঘটনার পর থেকে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌ-পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গত শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আজ শনিবার দুপুরে দৌলতখানের মিজানের চরে আমজাদের মরদেহ ভাসতে দেখে জেলেরা নৌ-পুলিশে খবর দেন।
ভোলার মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের বলে শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



