শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ-নাঈমের ফিফটিতে বাংলাদেশের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের মাধ্যমে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। রিভালদো মুনসামিকে ফেরান মুশফিক হাসান। এরপর জুবাইর হামজা ও মারকেস অ্যাকারম্যান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ বলে ৩১ রান করে হামজা আলিস আল ইসলামের বলে আউট হন। পরে অ্যাকারম্যানকেও ফিরিয়ে দেন রিশাদ হোসেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। রিশাদ ও আলিসের বোলিংয়ে চাপে পড়ে যায় প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। ইনিংসের শেষ দিকে ইমরান মানাক কিছুটা লড়াই করেন। ৫৩ বলে ৪৩ রান করার পর রিশাদের বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর ১৬ বলে ১৫ রান করা কাইল সিমন্ডসকে আউট করেন সাইফ হাসান।

নির্ধারিত ৪০ ওভার শেষে ১৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। তিনি তুলে নেন ৪টি উইকেট। আলিস আল ইসলাম পান ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান একটি করে উইকেট নেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে শক্ত ভিত এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সাইফ। অন্যদিকে নাঈম তুলনামূলক ধীর গতিতে ইনিংস এগিয়ে নেন। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৯৩ রান।

দারুণ ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করার পর বিদায় নেন সাইফ। ৫৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করেন।

অন্য প্রান্তে নিজের ইনিংস ধরে রেখে ফিফটি তুলে নেন নাঈম শেখ। জয়ের পথে শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেন রিশাদ হোসেন। তবে দলের স্কোর ১৭০ রানে পৌঁছানোর পর ৭৭ বলে ৬০ রান করে আউট হন নাঈম।

জয়ের খুব কাছে গিয়ে দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩ রান করে ফেরেন। আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৬ রান এবং রিশাদ হোসেন ১৪ বলে ৫ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন কাইল সিমন্ডস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank