সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়। নিহত রেজাউল করিম অবসরপ্রাপ্ত শিক্ষক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আঘাতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন।

ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup