

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরে তাকে ‘সেক্স ডাক্তার’ ও ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, আওয়ামী কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় ও বিব্রত করতে এ ধরনের প্রচার চালাচ্ছেন।
শনিবার (০৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন ডা. তাসনিম জারা।
পোস্টে তিনি বলেন, ‘আমি যদি ব্যস্ত হয়ে বলতাম, না না, আমি ওরকম ডাক্তার নই, তাতে হয়তো ওনাদের বিকৃত ধারণাটাকেই সায় দেওয়া হতো যে যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ হওয়া বুঝি সত্যিই লজ্জার।’
যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মানুষের এমন অনেক সমস্যা রয়েছে, যা তারা মা-বাবা, বন্ধু, এমনকি অনেক সময় স্বামী বা স্ত্রীর কাছেও বলতে পারেন না। এসব মানুষের পাশে সহায় হয়ে দাঁড়ান যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকেরা। তাদের চিকিৎসায় ভাঙা সংসার জোড়া লাগে, নিঃসন্তান দম্পতির সন্তান হয় এবং হতাশাগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
ডা. তাসনিম জারা আরও বলেন, যৌন সমস্যা নিয়ে কথা বলাকে লজ্জার বিষয় হিসেবে দেখার কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে যেতে চান না। ফলে তারা হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়েন, ভুল ওষুধ খান এবং বছরের পর বছর নীরবে কষ্ট সহ্য করেন।
‘যৌন ডাক্তার এখন দেশ চালাবে!’ এ ধরনের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিতে চান, তাদের অনেকেই প্রকৃত প্রগতিশীলতার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সহানুভূতিশীল আচরণ রপ্ত করতে পারেননি। তার ভাষায়, ‘কুয়োর ভেতর থেকে আকাশটা ছোট দেখায়, সে দোষ তো আকাশের নয়।’
এতদিন পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার কারণও জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, গতকাল রাতে এক শুভাকাঙ্ক্ষী তাকে একটি স্ক্রিনশট পাঠান। সেখানে দেখা যায়, তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ১৬০টি বিজ্ঞাপন চালানো হচ্ছে।
তার অভিযোগ, হাজার হাজার ডলার খরচ করে তার ছবির সঙ্গে অশ্লীল কথা জুড়ে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পরে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশটই ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি এসব পণ্য বিক্রি বা এ ধরনের কথা বলেন। এভাবে একটি সাজানো প্রচারণার মাধ্যমে তার বিরুদ্ধে ‘প্রমাণ’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
একইসঙ্গে তার নাম-ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ওষুধ, স্লিমিং পণ্য ও চিকিৎসাসেবা বিক্রি করছে বলেও অভিযোগ করেন ডা. তাসনিম জারা।
তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো ওষুধ, স্লিমিং পণ্য বা চিকিৎসা বিক্রি করেন না। তার নাম বা ছবি ব্যবহার করে কোথাও কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্য বিক্রি হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি জানান, গর্ভবতী মায়েদের জন্য তাদের তৈরি ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে। তবে সেখানে কোনো পণ্য বিক্রি করা হয় না। অধিকাংশ ব্যবহারকারী বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করেন এবং কেউ কেউ এর প্রিমিয়াম সংস্করণ কিনে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের নাম-ছবি ব্যবহার করে কোনো ওষুধ, চিকিৎসা বা পণ্যের বিজ্ঞাপন চোখে পড়লে তা না কেনার পাশাপাশি অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছেন ডা. তাসনিম জারা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার কৌশল সম্পর্কে কম জানেন এমন ব্যক্তিদের সতর্ক করার অনুরোধ করেন তিনি।
পোস্টের শেষাংশে যৌনস্বাস্থ্য নিয়ে কাজ করা চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, কারও যৌনস্বাস্থ্যজনিত সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যেতে সংকোচ করা উচিত নয়। অনেক রোগের ক্ষেত্রেই যত দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তত ভালো ফল পাওয়া সম্ভব।