সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ এএম
ফুয়েল ডিসপেনসার মেশিন
expand
ফুয়েল ডিসপেনসার মেশিন

রাজবাড়ীতে গোয়ালন্দে পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় ট্রাক মালিক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান।

এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও তার ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন মেশিন থেকে একটি মাহেন্দ্র গাড়ি তেল নিচ্ছিল।

হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয় এবং মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ দুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখানেই ময়নাতদন্ত করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন