

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলার সড়কের পাশে পাশে পড়ে থাকা তিন প্যাকেট এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার খাতা উদ্ধার করে থানায় জমা দিয়েছেন এক যুবক।
বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিদর্শক মাসুদুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেতুর পাশে রাস্তার ধারে তিনটি প্যাকেটবন্দি বান্ডিল পড়ে থাকতে দেখা যায়। মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া সেগুলো উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
পরদিন সোমবার বিকেলে তিনি বান্ডিলগুলো পাশের এক ব্যক্তিকে দেখালে তিনি নিশ্চিত করেন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে রাহিম মিয়া থানার সঙ্গে যোগাযোগ করেন এবং মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।
রাহিম মিয়া বলেন, বাড়ি ফেরার পথে রাস্তায় প্যাকেটগুলো দেখতে পেয়ে তিনি সেগুলো নিয়ে যান। পরে পরীক্ষা খাতা নিশ্চিত হয়ে প্রতিবেশীর পরামর্শে থানায় জমা দেন।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, খাতাগুলো থানায় জমা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়। পরে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে পাঠানো হয়।
পুলিশ জানায়, তিনটি সিলগালা করা প্যাকেটে ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের ২৬৮টি খাতা ছিল। এসব খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।
প্রাথমিকভাবে জানা গেছে, খাতাগুলো পোস্ট অফিসের মাধ্যমে ভৈরব পাঠানোর সময় ডাকবাহকের ভ্যানগাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, খাতাগুলো অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে এবং পুনরায় ডাক বিভাগের মাধ্যমে যথাযথ স্থানে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
