

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি পরিদর্শনের সুযোগ পেয়েছে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সংসদ।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এ শিক্ষামূলক সফরে শিক্ষার্থীদের নিজ হাতে সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান এমপি। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, কৌতূহল এবং আনন্দঘন পরিবেশ—যা পুরো সফরকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।
সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন,আলহামদুলিল্লাহ, আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম—এই আসন শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি হবে সমগ্র বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক। আজ শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসতে পারা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।
তিনি শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেন, আজকের এই তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। ভবিষ্যতে তোমরাই এই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তোমাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।
এমপি সংসদ সচিবালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতায় এমন একটি ব্যতিক্রমী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও বাউফলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক সংসদ ভিজিট কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।
তিনি বলেন, আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি তোমরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ।
তিনি আরও যোগ করেন, তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।
বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।
বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বলেন, জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।
তিনি আরও বলেন, বর্তমান এমপি সহজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের কথা শোনেন—যা আমাদের জন্য বড় সৌভাগ্যের।
নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, নির্বাচনের সময় এমপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাউফলের এমপি হবে বাউফলবাসী—আজকের এই উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবে রূপ নিয়েছে।
একজন অভিভাবক বলেন, আমার সন্তানের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। এই ভ্রমণ তার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, সংসদে এসে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমপি মহোদয় শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
মন্তব্য করুন
