বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন
expand
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন

টিটন হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। তিনি জানান, মামলায় ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

জানা গেছে, ৫১ বছর বয়সী খন্দকার নাঈম আহমেদ টিটন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ।

টিটন দীর্ঘদিন ধরে রাজধানীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় প্রভাবশালী অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই দশকের বেশি সময় কারাবন্দী থাকার পর তিনি সম্প্রতি মুক্তি পান।

২০২৩ সালের সেপ্টেম্বরে জামিন পেলেও আইনি জটিলতার কারণে তখন কারামুক্তি পাননি। পরে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারাগার থেকে বের হন। তবে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।

পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ভগ্নিপতি ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক সবকিছুকেই সামনে রেখে তদন্ত করছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় আপন ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী ইমনের সঙ্গে বিরোধের বিষয়টি তোলা হলে সাফ অস্বীকার করেন স্বজনরা। তারা জানান, ইমনের সঙ্গে তেমন কোনো বিরোধ ছিল না। পরিবারের সদস্যদের মধ্যে এমন সমস্যা সবার থাকে। তবে বেশ কয়েকজনকে সন্দেহের কথা জানিয়েছেন নিহতের বড় ভাই।

নিহতের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন জানান, নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত টিটনের সঙ্গে সন্ত্রাসী পিচ্চি হেলালের বসিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ চলছিল। তবে পিচ্চি হেলালের সঙ্গে চলমান ঝামেলা মিটমাট হয়ে যাবে বলে জানিয়েছিলেন টিটন। এরমধ্যে গতকাল রাতে খুন হন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন