

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপমা রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে,মৃত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও অনুপমা বাইসাইকেলে করে বাসা থেকে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ওই স্কুল ছাত্রীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
অনুপমার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
মন্তব্য করুন