

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাত্র ৩৬ ঘণ্টার ব্যবধানে নারায়ণগঞ্জের বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় পৃথক তিনটি সহিংস ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মাদক সেবনে বাধা, মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ এবং সামান্য চাঁদা নিয়ে সংঘর্ষ—এই তিন ঘটনার জেরে জেলাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার অটোরিকশাচালক মো. মমিনের মৃত্যু হয়। তিনি নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
স্বজনদের অভিযোগ, স্থানীয় লাইনম্যান শাহিন প্রথমে টাকা নেওয়ার পর আবারও চাঁদা দাবি করেন।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন মমিন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।
এর কয়েক ঘণ্টার মাথায় বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি (৪০) খুন হন।
এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালানো হয়। পরে হত্যার অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী ও তার তিন সহযোগীকে আটক করে।
এর আগে মঙ্গলবার বন্দরের মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. জুয়েল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সড়কের ওপর এক অটোরিকশাচালক আমিনুল ইসলামকে (৪৮) গলা কেটে পালায় দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, অটোরিকশা ছিনতাই করতে হামলাকারীরা যাত্রী সেজে গাড়িতে ওঠে। আহত অটোরিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
টানা এসব হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসাকেন্দ্রিক সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।