

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের গজারিয়ায় টাকা বিলি করার সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে পুলিশের দাবি তল্লাশি চালিয়ে তাদের কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মধ্য ভাটেরচর গ্রামের ইউনুস মিয়ার ছেলে মনা মিয়া ও বৈদ্যারগাঁও গ্রামের মৃত হায়দার আলীর ছেলে রবিউল ইসলাম। তারা দুজনেই ফুটবল সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মনা ও রবিউল বৈদ্যারগাঁও গ্রামের একটি বাড়িতে প্রবেশ করলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তারা টাকা বিলি করছেন। এ সময় উত্তেজিত জনতা তাদের ঘেরাও করে স্থানীয় মোজাফফর মিয়ার বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়।
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু অভিযোগ করে বলেন, "আমরা তাদের হাতেনাতে টাকা বিলি করার সময় আটক করেছি। গজারিয়ার বিভিন্ন গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের লোকজন টাকা দিয়ে ভোট কিনছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।"
গজারিয়া থানা সূত্রে জানানো হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছে তেমন কোনো টাকা পয়সা পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, "টাকা বিলি করার ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। তারা মূলত বন্ধু এবং সেখানে হাঁটতে গিয়েছিলেন। কোনো প্রমাণ না থাকায় মুচলেকা গ্রহণ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"
মন্তব্য করুন
