সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ পালায়, আ.লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়: চরমোনাই পীর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য ও অবস্থান থেকেই স্পষ্ট হয়ে উঠেছে—তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে কিংবা ইসলামি বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আন্তরিক নন। তিনি বলেন, যারা শরীয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করেন না, তারা আলেম হোন কিংবা ইসলামি দলের নেতা-এমন কাউকে ইসলামপন্থীদের ভোট দেওয়া উচিত নয়।

বুধবার (৪ফেব্রুয়ারী) মাদারীপুরের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ’২৪–এর পর দেশে যে নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, তা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছিল। ওই সময় বিদেশে অর্থ পাচার রোধে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় এবং দেশের মানুষও ব্যাপকভাবে এতে সাড়া দেয়। তবে এই সম্ভাবনা ও জনসমর্থন দেখে ক্ষমতালোভী একটি মহল বিভিন্ন দেশের সঙ্গে গোপন বৈঠকে বসে এবং স্পষ্টভাবে জানিয়ে দেয়-তারা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না।

মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না। তিনি বলেন, এ দেশে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়। কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন নির্বাচিত হলে কাউকেই পালাতে হবে না।

তিনি শিবচর বাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামি আদর্শে পরিচালিত রাষ্ট্র গড়ে তুলতে মাদারীপুর–১ (শিবচর) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইনকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

মাদারীপুর–১ (শিবচর) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি (মাওলানা আকরাম হোসাইন) বলেন, দেশে সুদ ও ঘুষের বিস্তার যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে, তা থেকে মুক্তি পেতে শরীয়াহভিত্তিক ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি বলেন, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ নানা মাদকদ্রব্যের ছোবলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে সন্তানদের রক্ষা করতে হলে সমাজে শরীয়ার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতেও ইসলামী শরীয়াহই সবচেয়ে কার্যকর ও মানবিক ব্যবস্থা। দেশ ও সমাজকে চলমান সংকট থেকে রক্ষা করতে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি ভোটারদের হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

বিকেলে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবচরের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে শিবচরের সকল স্তরের ভোটারদের হাত পাখা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন