সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে পুলিশের হাতাহাতি
expand
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে পুলিশের হাতাহাতি

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়।

এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রোববার বিকেলে চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওইস্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিকেল সাড়ে ৪ টা থেকে ১৪৪ ধারা জারি করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এদিকে হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘এখানে ছাত্রদলের কোন কর্মসূচি ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। এনিয়ে আমি কোন বক্তব্য দিতে চাচ্ছি না।’

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহেদুর রহমান রাফির মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে। আমরা ঘটনাস্থল অবস্থান করে দু’পক্ষকে দুইদিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন