সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার অভিযোগ উঠেছে।

এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন দাবি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হাসান পাটোয়ারী লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে তাদের বিলবোর্ডে অগ্নিসংযোগ, নেতা-কর্মীদের হুমকি প্রদান এবং নারী কর্মীদের হেনস্তার মতো একাধিক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিষয়ে এর আগেও গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, গত ৪ ফেব্রুয়ারি উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নে তাদের প্রার্থীর পূর্বনির্ধারিত জনসভায় পরিকল্পিতভাবে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। একই সঙ্গে গভীর রাতে নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি সভায় অংশগ্রহণ করলে ‘লাশ ফেলে দেওয়া হবে’—এমন ভয়ংকর ও জঘন্য হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচিত এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান। এ ধরনের কর্মকাণ্ডকে সরাসরি ভোটাধিকার হরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন বক্তারা।

এ সময় তারা বলেন, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। রামগঞ্জের প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও সক্রিয় উপস্থিতির মাধ্যমে দেশের বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও সংঘাতমুক্তভাবে অনুষ্ঠিত হতে দেখতে চান।

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রার্থী, নেতা-কর্মী, এজেন্ট ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন