

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভাই বলে সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
তিনি সাধারণ কোনো মানুষ নন দাবি করে এসিল্যান্ড বলেন, ‘ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’
জানা গেছে, রোববার সকাল থেকে পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে তেল বিক্রি করছিল কতৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শন আসেন ওই এসিল্যান্ড। এ সময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা ফিলিং স্টেশনে কী পরিমাণ তেল গ্রাহকদের দেওয়া হচ্ছে জানার জন্য ভাই সম্বোধন করে কথা বলা শুরুর মুহূর্তেই তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ বিষয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা বলেন, আমি দুপুরের দিকে সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে যাই। এসিল্যান্ডকে ভাই বলামাত্র আমাকে বলেন, কেন আমাকে ভাই বললেন, সাধারণ মানুষ কি মনে করবে, ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে।
তিনি আরও বলেন, তাকে স্যার না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবার সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে, এমন নিয়ম আমার জানা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল করার পর তিনি ফোন ধরে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বার বার কল করার কারণ জানতে চান। পরে তার কাছে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলতে সাধারণ মানুষ বাধ্য কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।
মন্তব্য করুন