বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক রাতের আগুনে নিঃস্ব খামারি আলম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
গোয়ালঘরসহ মূল্যবান গবাদিপশু পুড়ে ছাই
expand
গোয়ালঘরসহ মূল্যবান গবাদিপশু পুড়ে ছাই

কিশোরগঞ্জের তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ মূল্যবান গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারি আলম ভূঁইয়া (৪০)।

এক রাতেই শেষ হয়ে গেছে তার বহু কষ্টে গড়া স্বপ্নের খামার।

ক্ষতিগ্রস্ত আলম ভূঁইয়া তাড়াইল উপজেলার সাচাইল সদর ইউনিয়নের পং পাচিহা (পশ্চিমের বাড়ি) এলাকার বাসিন্দা এবং তিনি মৃত নূরুল ইসলাম ভূঁইয়ার ছেলে। রোববার(০১ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আলম ভূঁইয়া জানান,প্রতিদিনের মতো রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলোর পরিচর্যা শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাইরে বের হয়ে দেখতে পান গোয়ালঘরটি দাউদাউ করে জ্বলছে।

সঙ্গে সঙ্গে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে গোয়ালঘর ও ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পিজিয়াম জাতের দুটি গাভী পুড়ে মারা যায়। এর মধ্যে একটি গাভী প্রতিদিন প্রায় ১০ কেজি দুধ দিত এবং অপরটি ছিল ৯ মাসের অন্তঃসত্ত্বা। গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এছাড়া কয়েক মাস আগে প্রায় ২ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত ২০ হাত বাই ১০ হাত আয়তনের গোয়ালঘরটিও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

গোয়ালঘরের পাশে রাখা কিছুদিন আগে ২০ হাজার টাকায় কেনা খড়ের গাদাও আগুনে পুড়ে যায়।

আলম ভূঁইয়া আরও জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই স্বপ্নের খামারটি গড়ে তুলেছিলেন। অনেক কষ্ট করে,ধারদেনা করে খামার দাঁড় করিয়েছিলাম। এখন গরু নেই, ঘর নেই—কিস্তি কীভাবে দেব বুঝতে পারছি না,বলেন তিনি।

তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতিকুল আলম জানান, খবর পেয়ে রাত ২টা ২৫ মিনিটের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান,স্থানীয় জনগণ সাথে কথা বলে জানতে পারলাম এবং আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও আলম ভূঁইয়ার পরিবারের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি জানান, তার সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি আগেই আর্থিক সংকটে ছিল। এই ঘটনায় পরিবারটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনের কাছে জরুরি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup