

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী ব্যানার টানানোর অপরাধে বিএনপি ও ১১ দলীয় জোটের দুই প্রার্থীর চার সমর্থককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকার মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)।
জানা যায়, ওই দুই কেন্দ্রের সামনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার টানানোর সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্রের নির্ধারিত দূরত্বের মধ্যে কোনো প্রকার প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন টানানো সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্টরা আইন লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর বুধবার রাতেই দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
