রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন আওয়ামী লীগ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম
বাবার নামাজে জানাজা পড়ছেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ
expand
বাবার নামাজে জানাজা পড়ছেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাত ১১টায় কোটালীপাড়া পৌর ভবনের মাঠে অনুষ্ঠিত বাবার জানাজায় অংশগ্রহণ শেষে কামাল হোসেন শেখকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাসায় মারা যান।

মৃতকালে তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান রহমান কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

বাবার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে তাকে কারা কর্তৃপক্ষ ৮ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যানে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে বাবার লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এই মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তার বাবার মৃত্যুতে তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

মুক্তি পেয়ে কামাল হোসেন শেখ কোটালীপাড়ায় এসে তার বাবার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষ রাষ্ট্রীয় মর্যদায় পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দুটি জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন