রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
expand
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকার টোকিও টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠির নলছিটি থানার মো. হৃদয় হোসেন আব্দুল্লাহ (২৯), গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার রাকিব (২৯), জয়দেবপুরের নয়াপাড়ার কফিল উদ্দিন (৫৫) এবং টঙ্গী পশ্চিম থানার কড়ইতলা বস্তির মো. আনোয়ার হোসেন (৪০)।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে উপ-পরিদর্শক (এসআই) মো. মনোহর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে টোকিও টাওয়ারের সামনে একদল লোক মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ৪টা ৫ মিনিটে পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় ধাওয়া দিয়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই চারজনকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে আসামিদের কাছ থেকে ২৫ ইঞ্চি লম্বা একটি লোহার ছুরি এবং বিভিন্ন মাপের (১২ ইঞ্চি ও ১০ ইঞ্চি) তিনটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এসব অবৈধ অস্ত্রের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। এলাকায় জনশ্রুতি রয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় এসব অবৈধ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো জঘন্য অপরাধ করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup