রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম
কোচ স্কালোনির সঙ্গে মেসি
expand
কোচ স্কালোনির সঙ্গে মেসি

বয়স ৩৯ হলেও লিওনেল মেসির পারফরম্যান্সে এখনো পড়েনি সময়ের ছাপ। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি নিজে যতদিন খেলতে চাইবেন, ততদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবেই থাকবেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বর্তমান পারফরম্যান্স তাকে মোটেও অবাক করে না।

তিনি বলেন, অনেকে ভেবেছিল ৩৯ বছর বয়সে এসে মেসি আগের মতো খেলতে পারবে না। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি-সে যতদিন খেলতে চাইবে, ততদিন বিশ্বের সেরা খেলোয়াড়ই থাকবে। আমি শুধু আর্জেন্টিনার কোচ হিসেবে নয়, একজন ফুটবলপ্রেমী হিসেবেও এ কথা বলছি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত আট গোল ও একটি অ্যাসিস্ট করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন আলবিসেলেস্তাদের।

মেসির ফিটনেস নিয়েও সন্তুষ্ট স্কালোনি। তার ভাষায়, “লিও প্রায় প্রতিটি ম্যাচেই একই মাত্রায় দৌড়ায়। ফিটনেস কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে এবং তার সুফলও পাচ্ছে। আমার মনে হয় না, আগের তুলনায় তার দৌড়ানোর সক্ষমতায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এসেছে।”

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। প্রতিপক্ষের রক্ষণে সুযোগ পেলেই সে ভয়ংকর হয়ে ওঠে।

কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও সুইজারল্যান্ডকে মোটেও হালকাভাবে দেখছেন না আর্জেন্টিনা কোচ।

স্কালোনি বলেন, ফুটবলে সহজ কোনো প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী দল। তারা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও সমানতালে লড়াই করতে পারে। তাই কঠিন একটি ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Switzerland
105'+2'
1 - 1
10' Alexis Mac Allister
67' Dan Ndoye
World Cup