সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
expand
তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা রোধে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুর চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর নিচে আয়োজিত এ সমাবেশে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা।

সমাবেশে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্র শক্তির সংগঠক সামিউল আলম নাবিল। এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, ভাওয়াল কলেজ জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক মাসুদ রবিন, সংগঠক আসিফ মোল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা সমাবেশে অভিযোগ করে বলেন, গাজীপুরে চলাচলকারী তাকওয়া পরিবহন বর্তমানে “মরণগাতী” রূপ ধারণ করেছে। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং বেপরোয়া চালনার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যার শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। তারা দাবি করেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দ্রুত সময়ের মধ্যে তাকওয়া পরিবহনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, একাধিক দুর্ঘটনা ঘটার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও সমাবেশ থেকে মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়। বক্তারা বলেন, এসব অটোরিকশা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পুরো এলাকায় এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও তা শান্তিপূর্ণভাবেই নিয়ন্ত্রণে থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

তবে নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন