রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
নিহত আতাউল্লাহ ও সুজিত দাশ।
expand
নিহত আতাউল্লাহ ও সুজিত দাশ।

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে পৃথক তিনটি ঘটনায় এক শিশু, এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার হাসেম মাস্টার পাড়া এলাকার আবুল হাসেমের দেড় বছর বয়সী শিশু মোহাম্মদ হাসান, কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাশপাড়ার তুফান দাশের ছেলে সুজিত দাশ (১২) এবং বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ার মাওলানা নেছার আহমদের ছেলে আতাউল্লাহ (২০)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয় কিশোর সুজিত দাশ। পরদিন রবিবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ পরিদর্শক দিদারুল হক জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হলেও শেষ পর্যন্ত ডুবুরি দল মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছিম হেজাজী আতাউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিলে যাওয়ার সময় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে যায় আতা উল্লাহ। পরে স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টা পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়া এলাকায় ঘরের উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা যায় শিশু মোহাম্মদ হাসান। খেলার ছলে সবার অজান্তে সে উঠানের পানিতে পড়ে যায়। স্থানীয় সাবেক কাউন্সিলর নুরুল আমিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup