শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। 
expand
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হলেও দেশে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।

তিনি বলেছেন, বর্তমানে দেশে অন্তত এক মাসের চাহিদা মেটানোর মতো তেলের মজুদ রয়েছে এবং নতুন চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শনিবার (৭ মার্চ) কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি, কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি এখন কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে। বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে বিপণিবিতানগুলোতে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার কথাও বলেন মন্ত্রী।

আমিন উর রশীদ ইয়াছিন আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেগুলোর সঙ্গে দেশের মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জামাল খন্দকার। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জুর। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন কুমিল্লা জেলার নবগঠিত কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup