সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ পতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করেন কৃষিমন্ত্রী।
expand
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করেন কৃষিমন্ত্রী।

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে ৪০০ বস্তা গোখাদ্য (গমের ভুসি) বিতরণ করেছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজুপাড়ায় বিভাগীয় প্রাণিসম্পদ ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রামের সহযোগিতায় ও আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন ডেইরি খামারির হাতে গোখাদ্য (গমের ভুসি) তুলে দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা, টিকাদান এবং গোখাদ্য বিতরণের পাশাপাশি পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মাস অ্যাসোসিয়েশনও বন্যাকবলিত ৪ উপজেলায় ৪০০ বস্তা গোখাদ্য বিতরণ করছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার বলেন, বন্যায় উপজেলার অনেক ডেইরি খামারের ঘাসের মাঠ ও গোখাদ্যের মজুত নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমরা ক্ষতিগ্রস্ত খামারিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছি। খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মালিক মোহাম্মদ ওমর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিরা গোখাদ্যের অভাবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জরুরি ভিত্তিতে গোখাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারাবাহিকভাবে বন্যাকবলিত চন্দনাইশ, সাতকানিয়া, কর্ণফুলী ও বাঁশখালী উপজেলায় ১০০ বস্তা করে সর্বমোট ৪০০ বস্তা গোখাদ্য (গমের ভুসি) বিতরণ কার্যক্রম শুরু করেছি। এসব গোখাদ্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার উল্লাহ পাভেল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক কাউসার শাহ, আব্দুর রাজ্জাক রাজন ও আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন