শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন
expand
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন

চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সবার জন্য সুবিধাজনক ও সর্বজনগ্রহণযোগ্য স্থানে স্থাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। এই দাবির পক্ষে সংহতি জানিয়ে অন্তত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

​আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সদ্য ঘোষিত উপজেলা সদর দপ্তরের নির্ধারিত স্থানটি উপজেলার ভৌগোলিক কেন্দ্রের পরিপন্থী। বর্তমান নির্ধারিত স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে অন্তত ৪টি ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সাধারণ মানুষের সময়, শ্রম ও অর্থ—সব দিক থেকেই চরম ভোগান্তির শিকার হতে হবে।

​প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “উপজেলা সদর শুধু কোনো প্রশাসনিক কার্যালয় নয়, এটি ভবিষ্যতের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু। তাই এমন একটি কেন্দ্রীয় ও উপযুক্ত স্থানে সদর দপ্তর স্থাপন করা প্রয়োজন, যেখানে উপজেলার সব এলাকার মানুষ সমান সুযোগ-সুবিধা নিয়ে সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।” জনস্বার্থ বিবেচনায় সরকারের প্রতি দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জোর আহ্বান জানান তারা।

​এই ক্লাস-পরীক্ষা বর্জন ও আন্দোলনে অংশ নেওয়া উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ, হেঁয়াকো বনানী কলেজ, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়, নারায়ণহাট মহিলা দাখিল মাদ্রাসা, শান্তিরহাট উচ্চ বিদ্যালয়, শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসা, দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয়, দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা, হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়, হেঁয়াকো বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা, বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুটিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গজারিয়া জেবুন্নেছা উচ্চ বিদ্যালয়, করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, চিকনছড়া উচ্চ বিদ্যালয় এবং বাগান বাজার উচ্চ বিদ্যালয়সহ ২৫টি প্রতিষ্ঠান।

​উল্লেখ্য, সম্প্রতি সরকারি গেজেটের মাধ্যমে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সদর দপ্তরের স্থান নির্ধারণের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে গত কয়েক দিন ধরেই ফটিকছড়ির উত্তরাঞ্চলে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন