

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদ (৬৫)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পাহাড় কেটে মাটি অপসারণ ও সংরক্ষণের কাজ চালিয়ে আসছিল, যা পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন জানায়, অবৈধভাবে পাহাড় কাটা শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, বরং ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তাই পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে অবৈধ পাহাড় কাটা অনেকাংশে কমে আসবে।
মন্তব্য করুন