

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলার পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম সুজন প্রকাশ বেজি সুজন (২৭)। তিনি ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার বাসিন্দা। এর আগে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের নেতৃত্বে এসআই জাফর আহমেদ'সহ সঙ্গীয় ফোর্স অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের বসতবাড়ির দোচালা কাঠের ঘরের চৌকির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে জানায় পুলিশ।
এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মতলব উত্তর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন
