

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিয়ে হয়েছিল মাত্র ১০ দিন আগে। সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন সংসার শুরু করতে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ইয়ামিন মিয়া (৩০)। কিন্তু সেই ফেরা আর শেষ হলো না। পথে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন তিনি। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুমা আক্তার (১৮)।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরেন ইয়ামিন। দেশে আসার আগে পারিবারিকভাবে তার কাবিন সম্পন্ন হয়েছিল। পরে ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর ২৫ জুলাই স্ত্রীকে নিয়ে ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে শ্বশুরবাড়ি যান। সোমবার বিকেলে সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়ামিন ও তার স্ত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। সুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের চাচা নওশাদ হোসেন বলেন, সংসারজীবন শুরু করার স্বপ্ন নিয়েই দেশে ফিরেছিলেন ইয়ামিন। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় তার মৃত্যু পরিবার মেনে নিতে পারছে না। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

