শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বাস উল্টে খাদে, আহত ১৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
কসবায় চাকা পাংচার হয়ে বাস উল্টে খাদে
expand
কসবায় চাকা পাংচার হয়ে বাস উল্টে খাদে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টার্মিনাল থেকে ছেড়ে দেড় কিলোমিটার সামনে গিয়েই চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে কুমিল্ল-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসায় বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বাসটি আরও নীচের দিকে গেলে খালে জমে থাকা পানিতে বাসটি ডুবে যাওয়ার সম্ভাবনা ছিলো। এতে প্রাণনাশের আশঙ্কা ছিলো বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি-চৌমুহনী থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। চৌমুহনী এবং খাড়েরা বাসস্ট্যান্ডের মাঝামাঝি গোলাসার এলাকা অতিক্রম করার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন