

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর বাজারে আনুষ্ঠানিকভাবে টাকাগুলো হস্তান্তর করা হয়।
জানা যায়, শনিবার সকালে হামিদপুর-বাঘেরবাড়ি সড়কে একটি ব্যাগ কুড়িয়ে পান হামিদপুর বাজারের ব্যবসায়ী মাহবুব আলম ও তার ভাই কায়ছার। ব্যাগটি খুলে তারা দেখতে পান, এর ভেতরে নগদ ৫০ হাজার টাকা রয়েছে। এরপর প্রকৃত মালিককে খুঁজে বের করতে মাহবুব আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বাসিন্দা সাজন আলী পোস্টটি দেখতে পান। তিনি প্রয়োজনীয় ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করে মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করেন।
পরে যাচাই-বাছাই শেষে নগদ ৫০ হাজার টাকা সাজন আলীর কাছে হস্তান্তর করা হয়। মাহবুব আলমের সততা ও মানবিকতা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। টাকার মালিক সাজন আলী বলেন, “মেয়ের জামাতাকে বিদেশ পাঠানোর জন্য ঋণ করে ৫০ হাজার টাকা সংগ্রহ করেছিলাম।
অসতর্কতাবশত টাকাগুলো হারিয়ে যায়। যারা টাকাগুলো কুড়িয়ে আমাকে ফেরত দিয়েছেন, তারা সত্যিই মানবিক মানুষ। আল্লাহ তাদের মনের নেক আশা পূরণ করুন।”
মাহবুব আলম বলেন, “আমি ও আমার ভাই কায়ছার মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। ব্যাগটি খুলে দেখি এর মধ্যে ৫০ হাজার টাকা রয়েছে। এরপর আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা শুরু করি। অবশেষে মালিককে শনাক্ত করে তার হাতে টাকাগুলো তুলে দিতে পেরে ভালো লাগছে।”