রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়া বাজারে আগুনে পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি
expand
কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও বসতবাড়ি

গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান এবং একটি বসতবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন জানান, আগুনে ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ২০ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানের কিছু মালামাল রক্ষা করা গেলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং সিপুর গোডাউনে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানের মালামাল পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নিরূপণে কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup