

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের বন্দরে ছয় দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে উদ্ধার হওয়া অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার অন্যতম আসামি মো. জুম্মানকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৭ জুলাই) র্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া জুম্মান বন্দর উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নিহত মাসুদ রানা (৩৫) বন্দর উপজেলার সোনাচড়া এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে। গত ২৯ জুন দুপুরে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরে ৪ জুলাই সকালে বন্দর উপজেলার ১ নম্বর ঢাকেশ্বরী এলাকায় বিল্লালের চায়ের দোকানের পেছনের একটি ডোবা থেকে মাসুদ রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বরাত দিয়ে বলা হয়, এলাকায় মাদক বেচাকেনা ও চুরি-ডাকাতিকে কেন্দ্র করে মাসুদ রানার সঙ্গে কয়েকজন মাদক কারবারির বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ২৯ জুন দুপুর থেকে ৪ জুলাই সকালের মধ্যে কোনো একসময় তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিসি-১-এর একটি দল অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি জুম্মানকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।