শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:১০ পিএম আপডেট : ১৬ মে ২০২৬, ১২:৪৯ পিএম
অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলন।
expand
অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলন।

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকাসক্ত ছেলের সহিংসতায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন আহমদ ডিলার (৭০) নামে এক বৃদ্ধ বাবা। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন মিলন। মাদকের পাশাপাশি নানা অসামাজিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন তিনি। পরিবার ও স্বজনরা তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।

শুক্রবার (১৫ মে) রাত প্রায় ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান আহমদ ডিলার।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোরারগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মিলনকে আটক করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন