শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:৪১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

দেশের চিকিৎসা শিক্ষার প্রসার ও চিকিৎসক সংকট মোকাবিলার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই প্রতিষ্ঠান চালু হলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে হবে ৩৮টি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অধীনে ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ নামে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরও ছয়টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে একটি করে মেডিকেল কলেজ এবং সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার (ডিজিএমএস) অধীনে ঢাকায় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি) পরিচালিত হচ্ছে।

এদিকে সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগেও একটি মেডিকেল কলেজ চালু হয়েছে, যেখানে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সেনাবাহিনীর অধীন পাঁচটি মেডিকেল কলেজে মোট ২৫০টি আসন রয়েছে এবং এএফএমসিতে রয়েছে আরও ১২৫টি আসন।

অধিদপ্তরের তথ্য অনুসারে, গত নভেম্বর মাসে আসন পুনর্বিন্যাসের পর সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি। বেসরকারি মেডিকেল কলেজে বর্তমানে আসন রয়েছে ৬ হাজার ১টি। এর আগে সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিকেলে ৬ হাজার ২৯৩টি আসন ছিল।

সব মিলিয়ে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনীর মেডিকেল কলেজ মিলিয়ে দেশে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫২৬টিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন