বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় শিশু তুবা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ৯ বছর বয়সী শিশু তাহিয়া তানজিন তুবা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার দুপুরে উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নৃশংস এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরের দিকে নিজ বাড়ি থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা দেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।

ঘটনার পরদিন ৭ মার্চ শিশুটির বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিশুটির বাবা রফিকুল ইসলাম ও মা চিনি আক্তারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন