বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে গিয়ে ধরা ফায়ার সার্ভিসের ৪ কর্মী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম
সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজনে তেল নেওয়ার চেষ্টা
expand
সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজনে তেল নেওয়ার চেষ্টা

সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত প্রয়োজনে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে রাজশাহীতে ফায়ার সার্ভিসের চার কর্মী বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। অফিসের চাহিদা দেখিয়ে ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন নেওয়ার পর বিষয়টি জানাজানি হলে সেই তেল ফেরত দিতে বাধ্য হন তারা।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে স্টেশনে যান। এ সময় রবিউল আলমের স্বাক্ষরিত একটি চাহিদাপত্র দেখিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল নেওয়া হয়। পরে আরও ১০০ লিটার অকটেন নেওয়ার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

পরে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয়, ফায়ার সার্ভিসের অফিসিয়াল কোনো চাহিদায় তেল নেওয়া হচ্ছে না। বিষয়টি প্রকাশ পেলে নেওয়া তেল তাৎক্ষণিকভাবে ফেরত নেওয়া হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ‘এ ধরনের কাজ তারা যেন ভবিষ্যতে না করেন, সে জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের তেল দেওয়া হয়নি।’

ঘটনার বিষয়ে অভিযুক্ত সেকেন্ড অফিসার রবিউল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, ‘আমি ছুটিতে আছি। দায়িত্ব দিয়ে গিয়েছিলাম রবিউল আলমকে। আমাদের নিয়মে এভাবে তেল নেওয়া হয় না। তারা নিজেদের মোটরসাইকেলের জন্য কৌশলে তেল নিতে গিয়েছিল। বিষয়টি জানার পর ফোনে তাদের বকাঝকা করেছি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারি গাড়ির অপব্যবহার না করার বিষয়ে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। সেখানে ব্যক্তিগত প্রয়োজনে সরকারি চাহিদা দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়েছে। সরকারি সম্পদের এমন অপব্যবহার রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন