রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আহত ১২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৬ জুন) টলেডোর ঐতিহাসিক জেলায় আয়োজিত বার্ষিক ‘ওল্ড ওয়েস্ট এন্ড’ উৎসবে এই হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল, আর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গুলির শব্দ শোনা যাওয়ার পর মানুষকে দৌড়াতে ও চিৎকার করছে।

পুলিশ জানিয়েছে, ডেলাওয়ার অ্যাভিনিউ ও রবিনউড অ্যাভিনিউ এলাকা ঘিরে তদন্ত চলছে। উৎসবের ওয়েবসাইটের মানচিত্র অনুযায়ী, ওই সংযোগস্থলে সংগীত ও খাবারের আয়োজন ছিল। অনলাইনে প্রকাশিত অন্য ভিডিওতে কয়েকজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় এবং একটি তাবুর কাছে ঘাসের ওপর কয়েকজনকে শুয়ে থাকতে দেখা যায়।

ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, টলেডোর পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন উৎসব পরিবারগুলোর জন্য নিরাপদ পরিবেশ হওয়া উচিত।’ ঘটনার শিকার ব্যক্তিদের জন্য তিনি প্রার্থনা করেন এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সফল হবে বলে আশা প্রকাশ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন